
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইডেন গার্ডেন্সে ফিরছে আইপিএল। আগামিকাল (৬ এপ্রিল) ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারপর ইডেনে আরও ছ'টি ম্যাচ আছে নীতীশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের। সেজন্য বিশেষ পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যে ছ'দিন সন্ধ্যায় (সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে) ম্যাচ আছে, সেই দিনগুলিতে মধ্যরাতে ওই বিশেষ মেট্রো চালানো হবে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ শেষ হওয়ার পর এসপ্ল্যানেড থেকে দুটি স্পেশাল মেট্রো চালানো হবে। একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বরে। অপর মেট্রোর গন্তব্য হবে কবি সুভাষ। দুটি মেট্রোই রাত ১২ টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকেই ছাডবে। প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষে পৌঁছাবে রাত ১২ টা ৪৮ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৩ এপ্রিল, ৮ মে, ১১ মে এবং ২০ মে সেই স্পেশাল মেট্রো চালানো হবে। ২৩ এপ্রিল যেহেতু দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে ম্যাচ আছে, তাই সেদিন মধ্যরাতের পর বিশেষ মেট্রো চালানো হবে না।
