
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপির তরফে মঙ্গলবার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। পুলিশের অনুমতি না মেলা সত্বেও বিজেপির গঙ্গা আরতির কর্মসূচির উদ্যোগ নেয়, এই কর্মসূচীকে ঘিরে পুলিশ ও গেরুয়া শিবিরের খন্ডযুদ্ধ বেঁধে যায়, ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সূত্রের খবর, বিজেপি নেতা সজল ঘোষকে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তোলে পুলিশ। গ্রেফতার করা তাঁকে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা গোপাল সরকারকেও গ্রেফতার করা হয়। তাঁদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য, এই কর্মসূচির কোনও অনুমোদন ছিল না সেই কারণেই গ্রেফতার করা হয়েছে সজল ঘোষ, গোপাল সরকারদের। ইতিমধ্যেই মঞ্চ খুলে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে গেরুয়া পতাকাও। যদিও, সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি কোনও পুলিশ আধিকারিক।
প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলার জন্যও বহু পুণ্যার্থীও ভিড় জমান। এ দিকে, কলকাতায় চলছে জি ২০ বৈঠকও।এইসব কারণের উল্লেখ করে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর যেন নতুন করে এই কর্মসূচির জন্য আবেদন করতে বলা হয় বঙ্গ বিজেপিকে। তবে বিজেপির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আজ গঙ্গা আরতি হবে।বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে। আমি যাব সেখানে। এবং গঙ্গা আরতি করব।”
এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “গঙ্গা আরতি হলে আইন-শৃঙ্খলার কী এমন অবনতি হবে? আজ যা হল তা সংস্কৃতী বিরোধী পদক্ষেপ। এখন যদি গঙ্গা আরতি হয় তাহলে সরকারের কী এমন এল গেল? আমি মনে করি যে ধরনের অগ্রাসীন পদক্ষেপ সরকার করছে তার চরম নিন্দা করছি।”
