
কলকাতা, ৮ ফেব্রুয়ারি : খাদ্য মন্ত্রকের আশ্বাসে প্রথম দিনেই ধর্মঘট তুলে নিয়েছেন রেশন ডিলাররা। তবে নিজেদের দাবিতে অনড় তাঁরা। নির্ধারিত দিন অর্থাৎ ২২ মার্চ পার্লামেন্ট অভিযান করবেন ডিলাররা। ২০ ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে পেশ করবেন স্মারকলিপি।
একাধিক দাবিতে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তিনদিন রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছিল ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সেই মতো মঙ্গলবার ছিল দেশজুড়ে রেশন ধর্মঘটের প্রথম দিন ছিল। রাজ্যজুড়ে ১৭ হাজার ১২১টি রেশন দোকান ছিল বন্ধ। যার জেরে ৮ কোটি মানুষ রেশন পাননি।
প্রথম দিনের ধর্মঘটের ফলাফল দেখে খাদ্য মন্ত্রকের তরফে থেকে আগামী ১৫ তারিখ ডিলারদের স্বার্থে বৈঠকে ডাকা হয়। পাশাপাশি মন্ত্রকের তরফে আবেদন জানানো হয়, ৮ ও ৯ ফেব্রুয়ারির ধর্মঘট তুলে নেওয়ার জন্য। আবেদন থেকে বুধবার থেকে শুরু হয় ডিলারদের পরিষেবা।
