
কলকাতা, ১ এপ্রিল : বৃষ্টি থামবে না এখনই, আগামী ২৪ ঘন্টা দক্ষিণ ও উত্তর দুই বঙ্গই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় আবার হতে পারে শিলাবৃষ্টিও। এই সময়ে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। রবিবারের পর থেকে আবার মহানগরীর দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হালকা বৃষ্টিও হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকে ফিরবে শুষ্ক আবহাওয়া, সোমবার থেকে আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
