
কলকাতা, ৩০ মার্চ : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়াও। ফলে সামান্য হেরফের হতে পারে তাপমাত্রাতেও। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এই ঝড়-বৃষ্টি চলবে। পাশাপাশি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। যার জেরে গরমের হাত থেকে এই সময়ে কিছুটা হলেও মুক্তি পাবেন রাজ্যবাসী।
রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে আবার আবহাওয়ায় পরিবর্তন আসবে। বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে চড়া রোদ ছিল, মাঝেমধ্যেই অবস্থা পাল্টে মেঘের আনাগোনাও দেখা গিয়েছে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
