
কলকাতা, ১০ মে : রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করা নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। বুধবার রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন করলেন এক আইনজীবী। সোমবার পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ করেছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রাজ্যের সিদ্ধান্ত বাতিলের আর্জি করা হয়েছে। চলতি সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অশান্তি এড়াতেই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। তাঁরা অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন। অন্য দিকে, ব্যবসায়িক সাফল্যের নিরিখে সারা দেশে প্রায় মাত্র ৩ দিনে এই ছবি ৩৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে। বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ ছবিটিকে করমুক্ত করেছে।
