
কলকাতা, ১১ ফেব্রুয়ারি: আইটি সেক্টর সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসে রহস্যজনকভাবে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর ৷ মৃতের নাম কমলেশ চট্টোপাধ্যায় ৷ শনিবার ঘটনাটি সেক্টর ফাইভের ওয়েবেল টেকনোলজির ভবনে ৷ এটি আত্মহত্যার ঘটনা নাকি কোনও দুর্ঘটনার কারণে ওই ব্যক্তি মারা গিয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে কাজে এসেই অস্বাভাবিক আচরণ করছিলেন কমলেশ ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই উত্তেজিত ছিলেন কমলেশ, দরদর করে ঘামছিলেন তিনি ৷ উত্তেজিত হয়ে তাঁকে হাঁটাহাঁটি করতে ও ফোনে কথা বলতেও দেখা যায় তাঁকে ৷ এক সময় তিনি জামাকাপড় খুলে বাথরুমে চলে যান ৷ পরে সেখান থেকেই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন কমলেশ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় ৷
