
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগেও একাধিকবার মমতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি, সোমবার আবার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সাক্ষাৎ করলেন সৌরভ। মুখ্যমন্ত্রীর ঘরে প্রায় ১৬ মিনিট ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে কী বিষয়ে এই বৈঠক, তা স্পষ্ট নয়। সোমবার সকালে মুর্শিদাবাদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতায় ফেরেন তিনি। এরপর বিকেল ৪ টে নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছে যান নবান্নে। কথাবার্তা হওয়ার পর বেরিয়ে যান তিনি।তবে কী বিষয়ে এই সাক্ষাৎ তা স্পষ্ট নয়। তবে মমতা-সৌরভ সাক্ষাৎ নিয়ে বিভিন্ন সময় নানা জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও।
প্রসঙ্গত, গত বছর সৌরভের জন্মদিনে তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর গত বছরই নবান্নে মমতার সঙ্গে দেখা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় সঙ্গে ছিল তাঁর মেয়ে সানাও। সেই সময় মমতা দাবি করেছিলেন, কোনও কাজের কথা হয়নি তাঁদের মধ্যে, নিছকই আড্ডার মেজাজে কথা বলেছিলেন তাঁরা।
গত বছরই বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় আইসিসির চেয়ারম্যান হিসাবে সৌরভের নাম প্রস্তাবের পক্ষে সওয়াল করেছিলেন মমতা। বোর্ডে অমিত শাহের ছেলে জয় শাহের মেয়াদ বাড়ানো হলেও সৌরভ কেন বাদ গেলেন? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা।
