kolkata

3 years ago

SSC Scam : নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-ঘনিষ্ঠ তাপসকে এ বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

Tapas Manda
Tapas Manda

 

কলকাতা, ৩ জানুয়ারি  : প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার তৎপর হল সিবিআই। মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে (যেখানে সিবিআইয়ের দফতর রয়েছে) হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডল।

রাজ্যের ৫৩০টি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের থেকে মানিক-পুত্রের সংস্থা এককালীন ৫০ হাজার টাকা করে নিয়েছিল বলে অভিযোগ তুলেছিল ইডি। এই আর্থিক লেনদেনের বিষয়ে তাপস কিছু জানেন কি না, তা তাঁর কাছে আগেই জানতে চেয়েছিল ইডি। ইডির তদন্তের মধ্যেই এ বার এই মামলায় তাপসকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এই পর্বে নয়া মাত্রা যোগ করল। সূত্রের খবর, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

এর আগে, এই মামলায় তাপসকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাপসের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ৩টি বিএড কলেজ ছাড়াও, তাপসের সংস্থা ‘মিনার্ভা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি’ও ইডির আতশকাচের নীচে রয়েছে। এই সংস্থার অধীনে ৬-৭টি পলিটেকনিক এবং আইটিআই কলেজ রয়েছে বলে জানিয়েছিল ইডি।

সূত্রের খবর, মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্যের সংস্থার সঙ্গে ৫৩০টি বেসরকারি বিএড, ডিএলএড কলেজের মানোন্নয়নের জন্য যে ২.৬৪ কোটি টাকার চুক্তি হয়েছিল, সে সম্পর্কেই তাপসের কাছে জানতে চাওয়া হয়েছিল। এ ছাড়াও নিয়োগের ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

You might also like!