
সাগরদিঘি, ১৫ জানুয়ারি : আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি আসছেন। সাগরদিঘির ধুমারপাহাড় মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাস্তাঘাটের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। সেই সভা ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জেলা পুলিশ-প্রশাসন দফায় দফায় এসে সভাস্থল পরিদর্শন করছে। সোমবার দুপুর ১২টা নাগাদ ওই সভা ঘিরে উন্মাদনা শুরু হয়েছে জেলা তৃণমূল শিবিরে। এদিকে, ওই প্রশাসনিক সভার পাশে তৈরি হয়েছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাড এখন থেকেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে। অতি তৎপরতার সঙ্গে কাজ চলছে। ওই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন বলে জানা যাচ্ছে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় দলীয় ঐক্য কর্মীদের মনোবল বাড়াতেই তাঁর এই জেলা সফর বলে মনে করছেন অনেকে। এছাড়াও গতবছর ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। মেঘালয় ও ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সঙ্গে এই কেন্দ্রের উপনির্বাচন হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তাই কমিশনের দিনক্ষণ ঘোষণার আগেই দলকে চাঙ্গা করতে জেলা সফরে দলনেত্রী। জঙ্গিপুর সাংগঠনিক জেলা, সেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে। দলের এই প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে পারেন খোদ দলনেত্রী।
