
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : আগের দিনের তুলনায় সামান্য চড়ল কলকাতার তাপমাত্রা, পৌঁছে গেল ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবুও, বৃহস্পতিবারও শীত অনুভূত হয়েছেন কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। বিদায়বেলায় মৃদু শীতের শিরশিরানি অনুভূত হয়েছে গ্রাম বাংলায়। বৃহস্পতিবার ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা মালুম হয়েছে, শীতের একেবারে বিদায়লগ্নে ঠান্ডার আমেজ মালুম হওয়ায় শীতপ্রেমীরা বেশ খুশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ধীরে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চড়বে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে পারদ আরও কিছুটা চড়তে পারে, ফলে উধাও হয়ে যাবে শীতের আমেজ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
