
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কম্বলকাণ্ডে মঙ্গলবার আসানসোল আদালতে হাজিরার সময়ে নাম না করে শাসকদল কে তোপ দাগলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
আসানসোল আদালতে হাজির করানোর সময় জিতেন্দ্র বলেন, ‘‘আমি আসানসোলের জন্য মাস্টারপ্ল্যান চেয়েছিলাম। কিন্তু এরা আমাকে প্রেসিডেন্সি জেলে ভরার মাস্টারপ্ল্যান তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আসানসোলই জিতবে।’’ ১১ এপ্রিল আসানসোল আদালতে জিতেন্দ্রকে হাজির করানোর তারিখ ছিল। সেই মোতাবেক মঙ্গলবার তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় আসানসোল আদালতে। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে বিষ্ফোরক মন্তব্য করেন তিনি।
গত ১৮ মার্চ নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর কিছু দিন পুলিশি হেফাজতে ছিলেন তিনি। আসানসোল জেল থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। এই ঘটনাপ্রবাহের ২২ দিনের মাথায় সোমবার হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ তাঁকে ৩ শর্ত এবং ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেয়।
