
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দলের তহবিলের নিয়ন্ত্রণ ঘিরে ‘কালীঘাট তৃণমূল’ ও ‘আসল তৃণমূল’-এর মধ্যে আইনি লড়াই চলাকালীন কলকাতা হাই কোর্টে স্বস্তি মিলল না কালীঘাট শিবিরের। তহবিল সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলেও মঙ্গলবার সেই আর্জি নাকচ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত তালিকা এড়িয়ে মামলার শুনানি এগিয়ে আনা হবে না। মামলাটি নির্দিষ্ট সূচি অনুসারেই শুনানি হবে বলে বিচারপতি নির্দেশ দেন। ফলে দ্রুত নিষ্পত্তির আশা আপাতত পূরণ হল না আবেদনকারী পক্ষের। এরপর আদালতে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলাটির শুনানি বৃহস্পতিবার নির্ধারণ করার আবেদন জানান। এখন আদালত পরবর্তী পর্যায়ে কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
কালীঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘বিদ্রোহী’ শিবির জন্মানোর পর তৃণমূল কংগ্রেসের প্রতীক ও তহবিলের দখল নিয়ে দড়ি টানাটানি শুরু হয়। দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয় ব্যাঙ্কে, যাতে কোনওপক্ষই সেই তহবিল ব্যবহার করতে না পারে। তাঁর আবেদন মেনে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, মোট ৪৪০ কোটি টাকা রয়েছে তাতে। এই টানাপোড়েন গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলাটি চলছে। আরেকদিকে ঋতব্রতপন্থী তৃণমূল অ্যাকাউন্টের হাল-হকিকত জানতে বিশেষ অডিটর নিয়োগের পরিকল্পনা করে। সোমবার মামলাটির দ্রুত শুনানি চেয়ে আবেদন জানানো হলে বিচারপতি ভট্টাচার্য জানান, পার্টি হিসেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, পুলিশ ও রাজ্য সরকারকে যুক্ত করে তাদেরও নোটিস দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
সেই প্রক্রিয়ার পর মঙ্গলবার মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলে তা খারিজ হয়। বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, দ্রুত শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ীই তা শোনা হবে। এই মামলায় রাজ্য সরকারও একটি পার্টি, তাদের তরফে এই মামলায় সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি হাই কোর্টে আবেদন জানান, দ্রুত শুনানি না হলেও বৃহস্পতিবার সওয়াল-জবাবের সুযোগ দেওয়া হোক।
