kolkata

1 hour ago

CM Suvendu Adhikari: কেন দরকার গুন্ডাদমন আইন? বিধানসভায় নিহত চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিধানসভায় গুন্ডাদমন বিল নিয়ে আলোচনার সময় বিশেষ উপস্থিতি ছিল ওয়াকফ হিংসার ঘটনায় নিহত চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারের সদস্যদের। সোমবার বিধানসভার গ্যালারিতে বসে তাঁরা গোটা অধিবেশন প্রত্যক্ষ করেন। তাঁদের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই বিল আনার পেছনে যে কারণ রয়েছে, তারই প্রতিফলন হিসেবে ওই পরিবারকে সামনে রাখা হয়েছে। তিনি বলেন, “এই বিল কেন আনা হয়েছে, তার কারণ উপরে বসে আছেন। এঁরাই সেই কারণ।” এরপর তিনি বিধায়কদের ওই পরিবারকে সম্মান জানানোর আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিজেপি বিধায়করা নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারকে সম্মান জানান। এর আগেই এদিন বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ বা গুন্ডাদমন বিল পেশ করা হয়। 

গত বছর ১২ এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল জঙ্গিপুরের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকা। সেই হিংসায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। বেশ কিছুদিন দুষ্কৃতীরা পলাতক ছিল। পরে গ্রেপ্তারি ও সাজা হয়েছে। তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের পাশে দাঁড়ান। নিয়ে আসেন কলকাতায়।   

আজ , সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিল পেশের সময় বিধানসভা গ্যালারিতে উপস্থিত ছিলেন মৃতদের পরিবারের সদস্যরা। আলোচনার সময় বিজেপি কাঁথির বিধায়ক অরূপকুমার দাস বলেন, “তৃণমূল দুষ্কৃতীদের সোশালাইজেশন করে গিয়েছে। এই জঙ্গলরাজ যাতে আর না চলে তার জন্য এই বিল। তৃণমূল আমলে গুন্ডারা থানায় ঢুকলে, পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে। পাবলিক ধরে নিয়েছিল এটা নরমাল। তা রোধ করতে এই আইন আনা দরকার।” এই সময়ে বিধায়ককে একটু থামিয়ে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবার আছে। এই বিল নিয়ে আসার কারণ উপরে বসে আছেন। ওদের সবাই স্যালুট জানান।” স্পিকার অনুমতিতে বিধানসভায় আজকের অধিবেশনে গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁরা। 

You might also like!