West Bengal

1 hour ago

Humayun Kabir: ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে আইনি চাপ বাড়ল, হুমায়ুনকে থানায় তলব পুলিশের

Humayun Kabir
Humayun Kabir

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া সতর্কবার্তার পরই রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছল পুলিশ। তাঁর বিতর্কিত ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি পৃথক মামলার তদন্তে তাঁকে আগামী ৩ জুলাই এবং ৫ জুলাই সংশ্লিষ্ট থানায় হাজির হওয়ার নোটিস দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবীর দাবি করেছেন, তিনি বর্তমানে বাড়িতে নেই। তাই পুলিশের দেওয়া নোটিস সম্পর্কে তাঁর জানা নেই। নোটিস হাতে পাওয়ার পর আইনি পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন এবং হাজিরা দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। 

গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকার এক জনসভা থেকে হুমায়ুন কবীর বলেন, ‘‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।” আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” পরে শক্তিপুরের সভায় হুমায়ুনের হুঁশিয়ারি ছিল, ‘‘ভোটের আগেরদিন আমার ভাইপোকে গ্রেপ্তার করেছেন ওসি। তাঁকে আগে দেখব। তারপর ওর বাবাকে দেখব। ১০ হাজার লোক নিয়ে থানা ঘিরে থানা থেকে একে বের করব। পারলে রুখে দেখান।” 

সোমবার বিধানসভায় হুমায়ুনের সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘এই দুটো ঘটনার পর আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা রুজু করেছি। বিএনএস এর সব মামলা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের বেটা বলে না।” মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই ওই অনুষ্ঠানের তিন আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই মঙ্গলবার সকালে হুমায়ুনের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। দুটি মামলায় হাজিরার জন্য নোটিস দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে হুমায়ুন বলেন, “আমি বাড়িতে নেই। তবে বাড়িতে লোক রয়েছে। নোটিস পেলে ঠিক জানতে পারব। তারপর হাজিরা নিয়ে ভাবব। তবে কারও দাসত্ব করব না।” 

You might also like!