
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন ধরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে হাওড়া ও হুগলির নাম, রামনবমীকে উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মিছিল ঘিরে অশান্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক পরিবেশ। এবার সেই মর্মেই কড়া বার্তা দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ সফর মাঝপথে ছেড়েই কলকাতায় ফিরে এসেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে রিষড়ার অশান্তি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল।
সাংবাদিকদের সামনে রাজ্যপাল জানিয়েছেন, রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। রাজ্যপালের কথায়, ‘‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।’’
ঐক্যবদ্ধ ভাবেই এই অশান্তির মোকাবিলা করার ডাক দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন-‘আমরা সকলেই জানি, গত কয়েক দিন ধরে এখানে কী চলছে। এই কালো শক্তিকে আমরা কখনওই সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করতে দেব না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ করব। সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব।'
উল্লেখ্য, রবিবার বনগাঁয় এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্ষেপের সুরে বলেছিলেন, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের মতো ভূমিকায় এখনও তিনি বর্তমান রাজ্যপালকে দেখেননি।
প্রসঙ্গত, বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। সোমবার রাতে রিষড়ায় অশান্তির খবর পেয়ে মঙ্গলবার সকালেই তিনি সেই সফরসূচিতে কাটছাঁট করেছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে যে, জরুরি কারণে রাজ্যপালকে কলকাতায় ফিরে আসতে হচ্ছে। তাই তিনি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।
উল্লেখ্য, রিষড়ার আগে শিবপুরের ঘটনাতেও মুখ খুলেছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানতেও চেয়েছিলেন। নিজের বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, ‘‘গুন্ডা এবং দুর্বৃত্তদের লৌহকঠিন হাতে দমন করা হবে। গণতন্ত্রকে বিপথে চালিত করা যাবে না।’’
