
হাওড়া, ২ ফেব্রুয়ারি : ভয়াবহ আগুন লাগল হাওড়ার বাগনান স্টেশন সংলগ্ন বাজারে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ১৫-২০টি দোকান। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখে দমকলে খবর দেওয়া হয়।
আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দু'য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ ও দমকল সূত্রের খবর, আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
