kolkata

1 hour ago

Amit Malviya: নির্বাচন কমিশনের পদক্ষেপে শক্তিশালী হবে গণতন্ত্র, অমিত মালব্য

Amit Malviya
Amit Malviya

 

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকাকে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য রবিবার রাতে ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের ৯ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্দেশ মেনে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অমিত মালব্য জানান, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে এ পর্যন্ত প্রাপ্ত সমস্ত 'ফর্ম-৭' (নাম বাদ দেওয়ার আবেদন) আপত্তিগুলো—তা আগে বাতিল বা ধামাচাপা দেওয়া হয়ে থাকলেও—আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ইআরও বা এইআরও-দের কাছে পাঠাতে হবে। সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইনি প্রক্রিয়া মেনেই করতে হবে।

মালব্য আরও উল্লেখ করেন যে, ভোটার তালিকায় অনিয়ম বা গাফিলতির অভিযোগে নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমশেরগঞ্জ, ফারাক্কা, ময়নাগুড়ি, সুতি, ক্যানিং এবং ডেবরা এলাকায় মোট সাতজন এইআরও-কে নিলম্বিত করেছে। তাঁর মতে, এর মাধ্যমে এই বার্তাই দেওয়া হয়েছে যে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, রাজ্য প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করা হয়েছে এবং এর পরিণাম ভুগতে হচ্ছে জুনিয়র আধিকারিকদের। শেষে তিনি যোগ করেন, ভারতের গণতন্ত্র ও সংবিধান সর্বোপরি এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন বজায় থাকবে।

You might also like!