
কলকাতা, ৮ ডিসেম্বর : নিয়োগ দুর্নীতির তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবারই মানিকবাবুর বিরুদ্ধে প্রায় ১৫৯ পাতার চার্জশিট আদালতে জমা দেয় ইডি। তাতে মানিক ভট্টাচার্য কীভাবে কেলেঙ্কারি করেছেন সেই বিষয়টি চার্জশিটে তুলে ধরা হয়েছে। এমনকি ঘুষের টাকা কীভাবে তাঁর স্ত্রীয়ের অ্যাকাউন্টে গেছে তাও উল্লেখ রয়েছে বলে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে স্ত্রীয়ের সঙ্গেই ইডির জমা দেওয়া চার্জশিটে নাম রয়েছে তাঁর ছেলেও। যদিও যা জানার পরেই কেঁদে ফেলেন 'কেলেঙ্কারির মাথা'। জানান, আমাকে মারো। কিন্তু ছেলে-স্ত্রীকে জড়িয় না।
বৃহস্পতিবার বিকেলে টুইট করে ইডি জানিয়েছে, “তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সদস্যদের ৬১টি মিউচুয়াল ফান্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৭ কোটি ৯৩ লক্ষ টাকা অ্যাটাচ করা হয়েছে। এগুলো পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের সঙ্গে সংপৃক্ত। মোট অ্যাটাচ ও বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১১১ কোটি টাকা।”
