
কলকাতা, ১৩ এপ্রিল : প্রখর রোদে কর্মরত পুলিশকর্মীদের পাশে দাঁড়াতে রাস্তায় নামলেন খোদ পুলিশ কমিশনার (সি পি) বিনিত গোয়েল। রাস্তায় কর্মরত ট্রাফিক কনস্টেবল থেকে সিভিক ভলেন্টিয়ার সকলের হাতে তুলে দিলেন চশমা, ছাতা, জলের বোতল সহ গরমে গ্লুকোন ডি সহ অন্যান্য উপকরণ।
প্রখর রোদে ও প্রবল তাপপ্রবাহের মধ্যে কর্তব্যে অবিচল কলকাতা ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে আবহাওয়া দফতর আগামী রবিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কমলা সর্তকতা জারি করেছে গোটা রাজ্য জুড়ে। মানুষের স্বার্থে ও সাহায্যের জন্য, প্রখর রোদ এবং জীবনের ঝুঁকিকে মাথায় নিয়েই শহর কলকাতাকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে কর্তব্যে অবিচল রয়েছে।
বৃহস্পতিবার সকালে সেই কর্তব্যরত ট্রাফিক পুলিশদের সুস্থ রাখতে ও মনোবল বাড়াতে বিনীত গোয়েল সকাল থেকে পার্ক সার্কাসের সাত মাথার মোড়-সহ কিছু স্থানে ট্রাফিক পুলিশদের হাতে সানগ্লাস, ছাতা, জলের বোতল, ওআরএস পাউচ বিতরণ করেন। অতিরিক্ত গরম অথবা বর্ষায় এক হাঁটু জমা জল কিংবা পৌষ ও মাঘের কনকনে ঠান্ডা আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে যেভাবে কলকাতা ট্রাফিক পুলিশ মানুষের স্বার্থে কাজ করে তা এক প্রকার নজিরবিহীন বলে মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন পুলিশের এভাবে প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ঘটনা গোটা ভারতবর্ষে কলকাতা পুলিশ একমাত্র করে দেখায়।
পার্কিং-এর ভেন্ডিং ব্যবস্থা ও অনলাইন পার্কিং ফ্রি পেমেন্ট নিয়ে মাঝেমধ্যেই যে জটিলতার সৃষ্টি হচ্ছে। সেই বিষয়ে এদিন পুলিশ কমিশনার বলেন, কলকাতা পুলিশ কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে পুরো ব্যবস্থাটাকেই সুশৃংখল ভাবে করার লক্ষ্যে কাজ করছে। কলকাতা পুলিশের অষ্টম ব্যাটেলিয়ানের এক সহকারী কমিশনার চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার জানান, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে। তদন্ত হচ্ছে।
