
কলকাতা ১৪ এপ্রিল : বিচারব্যবস্থার অতিসক্রিয়তা এবং অহংবোধ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য তদন্তকারী সংস্থাকে ‘ছাড়পত্র’ দেওয়ার পরের দিনই এই প্রশ্ন তুললেন বিমানবাবু।
শুক্রবার রাজ্য বিধানসভার ডা. অম্বেডকরের জন্মদিবস কর্মসূচিতে যোগ দিতে এসে স্পিকার বলেন, ‘‘যে যার প্রেক্ষাপটে কাজ করা উচিত, প্রশাসনের কাজ প্রশাসনের করা উচিত। বিচারবিভাগের কাজ বিচারবিভাগের করা উচিত। কেউ যদি মনে করেন আমি কারও থেকে ভাল, এই দৃষ্টিভঙ্গি যদি কারও থাকে, আমার মতে তা বাঞ্ছনীয় নয়।’’
এর পরেই প্রবীণ আইনজীবী বিমানের মন্তব্য, ‘‘আদালত যদি মনে করে আমরা সব ব্যাপারে শ্রেষ্ঠ, আমার মনে হয়, তা গণতন্ত্রের পক্ষে ভাল হবে না।’’মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার প্রেক্ষাপটে আদালতের ‘গুরুত্বের’ কথা স্বীকার করে নিলেও স্পিকারের মতে আদালতের উচিত রাজ্য সরকারকে স্বাধীন ভাবে প্রশাসনিক কাজ করতে দেওয়া, কোন পরিস্থিতিতে তার এমন মন্তব্য?
প্রশ্নের উত্তরে বিমানবাবু বলেন, ‘‘সংবাদপত্র খুললেই তো আজকাল দেখছি সব ব্যাপারে আদালতের হস্তক্ষেপ। কোনও সংবাদপত্রের প্রথম পাতায় এমন খবর নেই যাতে আদালতের হস্তক্ষেপের কথা আপনারা পাবেন না!’’
সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম না নিলেও অভিষেক সংক্রান্ত প্রশ্নের উত্তরে স্পিকার বলেন, ‘‘উনি যদি বলে দেন, অমুককে ডেকে পাঠানো উচিত! কালকে হয়তো বলবেন বিধানসভার অধ্যক্ষকে ডেকে পাঠানো উচিত, কিন্তু সেটা তো বাঞ্ছনীয় হবে না। আগে ওঁকে উপলব্ধি করতে হবে, বার্তাটা যেন এমন না যায় যে, আদালতও কোনও একটা পক্ষভুক্ত হতে চলেছে।’’
