
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মনোনয়ন পেশের মঞ্চ থেকেই নির্বাচন কমিশন ও 'এসআইআর' (SIR) ইস্যুতে কড়া অবস্থান নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সার্ভে বিল্ডিং চত্বর থেকে তিনি অভিযোগ করেন যে, ষড়যন্ত্র করে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভবানীপুরের মতো মিশ্র জনজাতির কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন একটি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, যা নিয়ে আইনি লড়াইয়ের পথে হেঁটে আসলে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চাইছেন তৃণমূল সুপ্রিমো।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। মঙ্গলবারও একাধিক নির্বাচনী সভা করেন তিনি। আগেই জানা গিয়েছিল, ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন মমতা। কালীঘাট থেকে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন তিনি। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর অপেক্ষায় জমায়েত করেছিলেন কর্মী-সমর্থকরা। সকলের হাতে ছিল দলের পতাকা, বেলুন। বিরাট মিছিল নিয়ে পৌঁছন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা। সেখানে মনোনয়ন পেশ করেন তৃণমূল সুপ্রিমো।
মনোনয়ন পেশের পর বেরিয়ে সার্ভে বিল্ডিংয়ে তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন মমতা। এরপর তিনি বলেন, “আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।” এরপরই এসআইআর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “মেনে দুঃখ নিয়েই বলছি… এত মানুষের নাম বাদ গিয়েছে। যে নাম উঠেছে তা আমি লড়াই করেছি বলে।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রয়োজনে তিনি আবার শীর্ষ আদালতে যাবেন।
