
কলকাতা, ৩ জানুয়ারি : যাত্রা শুরুর এক সপ্তাহের মধ্যেই হামলার শিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় মালদহের কুমারগঞ্জ স্টেশনের অদূরে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রেল জানিয়েছে, পাথরের আঘাতে সি-১৩ কামরার ডানদিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করেছে ভারতীয় রেল।
মঙ্গলবার সকালে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলওয়ে আইনের ১৫৪ নম্বর ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। একটি প্রধান দরজার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও যাত্রী আহত হননি। এই ঘটনার জন্য ট্রেনও দেরিতে চলেনি।
প্রসঙ্গত, গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কর্মসূচিতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। রবিবার থেকে যাত্রী চলাচল শুরু হয়েছে এই ট্রেনে। প্রথম দিনেই শৌচাগারে জলের অভাব, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না-পারার মতো পরিষেবাগত একাধিক অভিযোগ উঠেছিল। আর সোমবার সন্ধ্যায় এই ট্রেন লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর।
