
কলকাতা, ২২ ফেব্রুয়ারি : সংগ্রামী যৌথ মঞ্চের দু’দিনব্যাপী কর্মবিরতি শেষ হতেই এবার কর্মবিরতির ডাক কলকাতা পুরসভায়। বৃহস্পতি ও শুক্রবার ডিএ-র দাবিতেই কর্মবিরতি ডেকেছে পুরসভায় সরকার বিরোধী বিভিন্ন ইউনিয়ন। মেয়র ফিরহাদ হাকিমের হুমকি, যাঁরা কাজে যোগ দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সরকার বনধ সংস্কৃতির বিরোধী বলে দাবি করেন ফিরহাদ।
এদিকে আগামী ৯ মার্চ সারা রাজ্যে সরকারি দফতর ও স্কুল-কলেজে ডিএ-র ইস্যুতেই ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বুধবারই তারা সরকারকে প্রথামাফিক নোটিসও দিয়েছে। মঙ্গলবার রাতে যৌথ মঞ্চ এবং কোঅর্ডিনেশন কমিটি জরুরি বৈঠকে বসে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। পরে শহিদ মিনার ময়দানে যৌথ মঞ্চের অবস্থান স্থল থেকে ধর্মঘটের কথা ঘোষণা করেন নেতারা। তবে সেই দিন নিয়েও বিতর্ক রয়েছে। কারণ, ৯ তারিখে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয় এবং মাদ্রাসা বোর্ডের হাইমাদ্রাসা দ্বিতীয় বর্ষের পরীক্ষা রয়েছে। পরীক্ষার কথা ভেবে পরের দিন কর্মবিরতি করা হতে পারে বলে ভাবনা চিন্তা করছে দুই সংগঠন।
