দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘটনাটি অবশ্য ভারতের নয়,ঘটনাটি আমেরিকার। ঘটনা সূত্রে জানা যায়,২০১৯ সালে অলিভিয়া কারাবালো নামে চার বছর বয়সি এক শিশু ম্যাকডোনাল্ডসের দোকানে গিয়েছিল। সেখানেই গরম চিকেন নাগেট পড়ে যায় তার গায়ে। প্রচণ্ড গরম নাগেটের ছ্যাঁকা লেগে অলিভিয়ার শরীরের বেশ কয়েকটি জায়গা পুড়ে যায়। প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিল একরত্তি। তারপর অবশ্য সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন শুরু করে সে।
এই ঘটনার পরেই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে মামলা দায়ের করে অলিভিয়ার পরিবার। তাঁদের দাবি ছিল, ম্যাকডোনাল্ডসের গরম নাগেটের জন্যই সাংঘাতিক যন্ত্রণা পেয়েছে তাঁদের শিশুকন্যা। সমস্ত প্রমাণ দেখিয়ে দাবি করা হয়, ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে ম্যাকডোনাল্ডসকে। এরপরে কেটে যায় চার বছর। শেষে আসে আদালতের রায়।
ম্যাকডোনাল্ডসের তরফে পালটা দিয়ে বলা হয়, শিশুটি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে একাধিকবার ম্যাকডোনাল্ডসে গিয়ে চিকেন নাগেট কিনে খেয়েছে সে। সমস্ত বিষয় মাথায় রেখেই ক্ষতিপূরণের অঙ্ক অনেকটা কমানোর আবেদন করে সংস্থা। মাস দুয়েক আগেই আদালত জানিয়ে দেয়, এই ঘটনায় অলিভিয়াকে ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার ৮ লক্ষ ডলার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আদালতের রায়ে বেশ খুশি অলিভিয়ার পরিবার।