
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ২৪ এপ্রিল টুইটারের নীল পাখিকে রিপ্লেস করেছিল সাদাকালো ‘এক্স’।এই বদলের সঙ্গে সঙ্গেই সান ফ্রান্সিসকোয় টুইটারের সদর দফতরের ছাদে বসানো হয়েছিল নতুন প্রতীকের সুবিশাল আলোর সাইনবোর্ড। কিন্তু এক সপ্তাহের মধ্যে নিভিয়েও ফেলতে হল সেই আলো।
সান ফ্রান্সিসকোর মার্কেট স্ট্রিটের যে এলাকায় টুইটারের সদর দফতর, সেখানকার বাসিন্দারাই আপত্তি তুলেছেন ওই আলোর সাইনবোর্ড নিয়ে।টুইটারের ওই আলোর সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সান ফ্রান্সিসকোর নগর দফতরে মোট ২৪টি অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে এক স্থানীয় সংবাদ পত্রের প্রতিবেদন থেকে। প্রতিবেদন অনুযায়ী কেউ ওই আলো নিয়ে অভিযোগ করেছেন। কেউ আবার ওই বিশাল সাইনবোর্ড ভেঙে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন। এর পরেই সোমবার সকালে দেখা যায়। টুইটারের সদর দফতরের মাথায় ওই আলোর সাইনবোর্ডটিকে অকেজো করে নামিয়ে দেওয়া হয়েছে। পরে টুইটারের তরফে জানিয়ে দেওয়া হয় স্বতঃপ্রণোদিত ভাবেই এটি করা হয়েছে।
প্রসঙ্গত, টুইটারের নতুন নাম এখন এক্স। গত এপ্রিলেই সবার অজান্তে টুইটার ইনকর্পোরেশনের নাম বদলে এক্স কর্প করে দেন এলন। পরে গত ২৪ জুলাই, জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারের নাম এবং প্রতীক দুই-ই বদলে দেন তিনি। সম্প্রতি সান ফ্রান্সিসকো থেকে অন্যান্য বহু কর্পোরেট সংস্থা চলে গেলেও মাস্ক জানিয়েছিলেন এক্সকে তিনি সান ফ্রান্সিসকো থেকে সরাবেন না। এর মধ্যেই প্রতিবেশীদের অভিযোগের কথা জেনে এক্সের লোগো দেওয়া সাইন বোর্ড নামিয়ে নিলেন তিনি।
