
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সৌকত খানুম হাসপাতাল থেকে শুক্রবার দেশের জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমরান। তাতে তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেন, “হামলার এক দিন আগেই আমি খবর পেয়েছিলাম যে ওয়াজিরাবাদে ওরা আমাকে হত্যার পরিকল্পনা করছে। এ ব্যাপারে পরে আমি আবার বিশদে জানাবো। এই ষড়যন্ত্রের নেপথ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, অভ্যন্তরীণ মন্ত্রী সানাউল্লা ও আইএসআইয়ের মেজর জেনারেল ফয়জল নাসিরের হাত রয়েছে।” সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকি এ বিষয়ে গুজরনওয়ালা সিটি পুলিশের তরফে ১ নভেম্বরই সতর্কতাও জারি করা হয়। তাতে বলা হয় যে, গুজরনওয়ালায় লং মার্চ-এর সময় ইমরানের উপর হামলা হতে পারে। তাই নিরাপত্তা আরও বাড়ানো দরকার। পুলিশ পরামর্শ দেয়, ইমরান যে গাড়িতে চড়ে প্রচার চালাবেন, সেটি যেন বিস্ফোরকরোধী হয় এবং তার সামনে যেন বুলেট-প্রুফ কাচ লাগানো থাকে। পাকিস্তানের গুজরাটের পুলিশ অফিসার আখতার আব্বাস মিডিয়াকে জানান, লাহোর থেকে লং মার্চ শুরু হওয়ার পর থেকেই পুলিশের তরফে ইমরানের পার্টি সদস্যদের বুলেট প্রতিরোধক বর্ম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল।
