
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব উষ্ণায়ন যে এখন পৃথিবীর সামনে একটা জ্বলন্ত সমস্যা তা প্রায় সকলের জানা।সভ্যতার বিকাশের পরিণামে অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও অতিরিক্ত তেল পোড়ানোই এর অন্যতম কারণ। বিশ্বব্যাপী উষ্ণায়ন আরও বেড়েছে। ফলে আরও দ্রুতহারে বাড়ছে উত্তর ও দক্ষিণ মেরুর বরফের গলন। গত কয়েক দশকে দুই মেরুর পুরু বরফের স্তর অনেকটাই কমেছে। গলছে আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশাল হিমশৈলগুলি। এই অবস্থায় সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে, তাতে বিশ্বের বহু শহর সমুদ্রে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা। আমেরিকার ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার বৃহস্পতিবার এক রিপোর্ট প্রকাশ করেছে। এখানে দেখানো হচ্ছে দক্ষিণ মেরুতে বরফ গলে চলেছে দ্রুত হারে।
ওই রিপোর্টে বিস্তারিত বলা হয়েছে। এতে যথেষ্ট শঙ্কিত বিশ্বের পরিবেশবিদেরা। রিপোর্টে আরও বলা হয়েছে, যে হারে বরফ গলছে তাতে সমুদ্রের তলায় চলে যেতে পারে বিশ্বের বড় বড় শহর। জলবায়ু পরিবর্তনের ফলে ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে ৪.৫ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। তবে এই জলস্তর সব জায়গায় সমানভাবে বাড়ছে না। কোথাও বেশি কোথাও কম বাড়ছে বলেও রিপোর্টে জানানো হয়েছে। এর ফলে প্রথমেই বেশ কিছু ছোট দ্বীপভুমি তলিয়ে যাবে। তারপরেই আক্রমণ আসবে সমুদ্র সংলগ্ন বড়ো শহরগুলোর উপর। আর এই তালিকায় রয়েছে ভারত, চিন, বাংলাদেশ ছাড়াও নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, ব্রাজিল, থাইল্যান্ডের মতো দেশের বিভিন্ন শহরের নাম।
প্রকৃতির উপর মানুষের দখলদারি ও খবরদারি এই মুহুর্তেই বন্ধ করতে হবে। রিপোর্টে বলা হয়েছে, সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে
মুম্বই, সাংহাই, ঢাকা, ব্যাঙ্কক, জাকার্তা, লন্ডন, কোপেনহেগেন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বুয়েনেস আইরেস, সান্তিয়াগো ইত্যাদি। এইসব শহর লাগোয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আগামী শতাব্দীকে বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ। বিশ্বকে রক্ষা করতে গেলে বিশ্ব উষ্ণায়ন রুখতে হবে। এ ব্যাপারে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে আমেরিকা ও পশ্চিমের দেশগুলোকে। কারণ তেল পোড়ায় ওরাই বেশি।

