
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্থান 'দেউলিয়া' ঘোষণা হতে পারে যেকোনো মুহূর্তে। চিনের আর্থিক সহযোগিতায় কিছুটা হয়তো সামলাচ্ছে। কিন্তু আর্থিক সঙ্কট ভয়ঙ্কর। মঙ্গলবার দেশটির একটি সরকারি বিতরণ কেন্দ্র থেকে বিনামূল্যে আটা সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় দুজনের। একইদিনে পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল, বাহাওয়ালপুর, মুজাফফরগড় ও ওকারা জেলায় কায়েদ-ই-আজম স্টেডিয়ামে সরকারের বিনামূল্যে আটাদানকেন্দ্রে পদদলিত হয়ে ৪৫ নারীসহ মোট ৫৬ জন আহতের খবর পাওয়া যায়।
ক্রমবর্ধমান দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের এতটা বাইরে চলে গেছে যে, এক বস্তা আটার জন্যও দিশেহারা হয়ে পড়ছে জনগণ। বিভিন্ন শহরে আটার ট্রাক লুটসহ চলছে রাস্তায় রাস্তায় বিক্ষোভ। এমনকি আটা সংগ্রহ লাইনের ভিড়ে পদদলিত হয়ে ঘটছে মৃত্যুও। বিনামূল্যে আটাবাহী ট্রাক লুট করে নিচ্ছে জনগণ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে থেকেও আটা না পেয়ে বিক্ষোভের দৃশ্যও চোখে পড়ছে দেশটির বেশ কয়েকটি শহরের রাস্তায়।
পদদলিত হয়ে মৃতদের মধ্যে রয়েছে একজন বৃদ্ধ নারী ও অন্যজন পুরুষ। পদপিষ্ঠ হয়ে মৃত ওই নারীর নাম নাসিম আখতার। তিনি সাহিওয়ালের কারবালা রোডের বাসিন্দা আমিরের স্ত্রী। এই ঘটনায় আরও ৪৫ নারী ও দুই পুরুষ আহত হয়। বাকিদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে।
পাকিস্থানের সংবাদমাধ্যম অবশ্য পুলিশের অব্যবস্থাকেই এর জন্য দায়ী করেছে। খাদ্য সামগ্রী বিতরণের সময় পুলিশ ও প্রশাসন নিজস্ব দায়িত্ব পালন করে নি। যাদের আটা সরবরাহ করা হবে তাদের লিস্ট সংক্রান্ত নেটওয়ার্ক এপ বন্ধ হয়ে যাওয়ায় ধীরে ধীরে প্রবল ভিড় হয়ে যায়। তখন অতিরিক্ত পুলিশ এনে সামাল দেওয়ার কোনো চেষ্টা প্রশাসন করে নি। প্রায় ৩-৪ ঘণ্টা অপেক্ষার পর বিশৃঙ্খলা শুরু হয়। আটা সংগ্রহ করতে আসা স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটিতে কর্মরত সিভিল লাইনের পুলিশ কর্মীরা উপস্থিত লোকজনকে মারধর ও লাঠিচার্জ করার কারণেই সৃষ্টি হয় বিশৃঙ্খলার। এক প্রত্যক্ষদর্শী জানায়, প্রশাসনের অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় লোকজন ভিড় ও দীর্ঘ লাইনে আটকা পড়েন। এ সময় পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে লাঠিচার্জ শুরু করেন। পুলিশকেও নারীদের চড় ও ধাক্কা দিতে দেখা যায়। এতে আরও উত্তেজিত হয়ে ওঠে জনতা।
এক চরম বিশৃঙ্খলা তৈরি হয় চারিদিকে। হাজার মানুষের ছটাছুটিতে ভয় পেয়ে এলাকার অন্যান্য দোকান বন্ধ করে দেয়। আহত ২৫ জন নারীকে চিকিৎসার জন্য সাহিওয়াল টিচিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পদদলিত হয়ে নিহতের সংখ্যা তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকভি। এছাড়া ঘটনাস্থলে পৌঁছান কমিশনার শোয়েব ইকবাল ও আঞ্চলিক পুলিশ কর্মকর্তা মাহবুব রশিদ। এদিকে পাঞ্জাবের রহিম ইয়ার খানে তহসিল লিয়াকতপুরের সরকারি উচ্চ বিদ্যালয় তারান্দা মুহাম্মদ পান্নাহের একটি বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে নিহত হয় বিনামূল্যে আটা নিতে আসা ৭৩ বছর বয়সি এক বৃদ্ধ। নিহতের নাম মোহাম্মদ আনোয়ার। তিনি বস্তি গড়ি দারকানের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
জানা গেছে, সোমবার প্রাদেশিক রাজধানী পেশোয়ারের রিংরোড এবং ডেরা ইসমাইল খানে বিনামূল্যে বিতরণের আটার ট্রাক পৌঁছতেই হুড়োহুড়ি করে তাতে উঠে যায় জনতা। লুট করে নিয়ে যায় সব আটার বস্তা। আটা লুটের এই ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, ট্রাকটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিপুলসংখ্যক মানুষ তাতে ঝাঁপিয়ে পড়ে। অনেকে ট্রাকে উঠে ছিনিয়ে নেয় বস্তা। ক্ষুধার্ত মানুষ কোনো নিয়ম মেনে না। তারা খাদ্যের জন্য ঝাঁপিয়ে পড়ে।
