
কোয়েটা, ১২ ডিসেম্বর : আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ৭ জন। মৃতদের মধ্যে ৭ জনই পাকিস্তানি নাগরিক ও আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। এছাড়াও আফগানিস্তানের দিকে একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে ও ১৩ জন আহত হয়েছেন। রবিবার পাকিস্তানের বালুচিস্তানের চমন জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার দাবি, এই হামলায় আফগান বাহিনীর তরফে কামান এবং মর্টার-সহ অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষার জন্য পাকিস্তানের তরফেও পাল্টা হামলা করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের ৭ জন নাগরিক মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। তাঁদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান দাবি করেছে, প্রত্যাঘাতে আফগানিস্তানের একজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে ও ১৩ জন আহত হয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু মানুষ পাকিস্তান সীমান্তের ওপার থেকে লালা মোহাম্মদের সীমান্ত গ্রামের কাছে বেড়াজাল কাঁটার চেষ্টা করে, তারপরই পাকিস্তান ও আফগান সেনার মধ্যে গোলাগুলি শুরু হয়। এর ফলে চমন সীমান্ত ক্রসিংয়ে বন্ধুত্বের গেটটি বন্ধ হয়ে যায়। পরে আবার সীমান্ত খুলে দেওয়া হয়।
