
সিডনি, ১৫ জুন :পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়ার দূতাবাস থাকা নিরাপদ নয় জানিয়ে রাশিয়ার নতুন দূতাবাস নির্মাণ নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এর জন্য আগেই আইন পাস অস্ট্রেলিয়া।
ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের কাছে এই দূতাবাস নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ বলেছেন, পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়াকে দূতাবাস বানানোর জন্য যে জমি লিজে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, পার্লামেন্টে পেশ করার দুই ঘণ্টার মধ্যেই দুটি কক্ষেই আইনটি পাস হয়। স্থানীয় ক্যওনবেরা কর্তৃপক্ষ এর আগে লিজ বাতিল করেছিল। তাদের যুক্তি ছিল, ২০০৮-এ জমি লিজে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রাশিয়া তা ফেলে রাখে। শর্ত ছিল রাশিয়া তিন বছরের মধ্যে দূতাবাস নির্মাণের কাজ শেষ করবে। আলবানিজ জানিয়েছেন, সেখানে রাশিয়ার কূটনীতিকরা কাজ শুরু করলে অসুবিধা হতো। দেশের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, নিরাপত্তা এজেন্সিগুলো সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে। পার্লামেন্টের এত কাছে রাশিয়ার দূতাবাস থাকাটা একেবারেই কাঙ্খিত নয়। তা নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি।
