
ওয়াশিংটন, ১৩ নভেম্বর : এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল দুই বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ছয়জনের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার ডালাস শহরে। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোয়িং যুদ্ধবিমানগুলির একটি এয়ার শো চলছিল। সেই সময়ই মাঝ আকাশে বোয়িং বি ১৭ বম্বার এবং বেল পি ৬৩ কিংকোব্রার মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই দু'টি বিমান ভেঙে পড়ে। আগুন লেগে যায় বিমানগুলিতে। দু'টি বিমান মিলিয়ে ছয়জন ছিলেন। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা।
গোটা ঘটনা নিয়ে ডালাস শহরের মেয়র এরিক জনসন বলেন, “আপনারা অনেকেই দেখেছেন, এয়ার শো চলাকালীন আজ আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত সঠিকভাবে অনেক তথ্যই জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড গোটা ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।”
উল্লেখ্য, বি ১৭ বোয়িং সংস্থার তৈরি একটি বোমারু বিমান। এতে ৪টে ইঞ্জিন রয়েছে। ১৯৩৫-এ প্রথমবার উড়েছিল এই বিমান। ১৯৩৮ থেকে মার্কিন বিমান বাহিনীতে কাজ শুরু করে এই বোমারু বিমানটি। ১৯৬৮-তে এই বিমানগুলিকে বাতিল করে দেয় আমেরিকা। তবে এই সিরিজের বিমান দিয়েই জাপানের হিরোসিমা এবং নাগাসাকি শহরে পরমানু বোমা নিক্ষেপ করেছিল আমেরিকা।
