
ইসলামাবাদ, ৮ ফেব্রুয়ারি : পাকিস্তানের পাহাড়ি রাস্তায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১৫ জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তানের কারাকোরাম হাইওয়ের উপর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস ধাক্কা মারে একটি গাড়িতে। তার পর বাস ও গাড়িটি গিয়ে পড়ে খাদে।
গিলগিট থেকে যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাচ্ছিল বাসটি। গাড়িটি আসছিল উল্টো দিক থেকে। শিতিয়াল এলাকায় বাস ও গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। তার পর বাস ও গাড়িটি গিয়ে পড়ে রাস্তার পাশে খাদে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও অন্যান্যরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করা হয় মৃতদেহ। যদিও অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধারকারী দলকে কাজ করতে বাধার মুখে পড়তে হয়েছিল।
