
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্যে এল কমেডির রাজা কপিল শর্মা অভিনীত নতুন ছবি জিগাটোর ট্রেলার। যেখানে এবার তাকে সিরিয়াস চরিত্রে দেখা যাবে । এই নতুন ছবি ‘জিগাটো’য় অ্যাপ নির্ভর সংস্থার ডেলিভারি ম্যানের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন সাহানা গোস্বামী, গুল পনাগ, সায়নী গুপ্ত এবং স্বানন্দ কিরকিরে।
এই ছবির পরিচালক নন্দিতা দাস। ছবিতে কপিলের চরিত্রের নাম মানস। ছবির ঝলকে দেখা গিয়েছে, ভুবনেশ্বরের বাসিন্দা মানস ফ্লোর ম্যানেজার হিসেবে একটি কারখানায় কাজ করত। সেই চাকরি হারিয়ে অ্যাপ নির্ভর সংস্থার ডেলিভারি ম্যানের চাকরি নেয় সে । রেটিং নির্ভর জীবনের যন্ত্রণাদীর্ণ কাহিনী ফুটে উঠেছে এই ঝলকে।
বড়পর্দায় এখনও সেভাবে সাফল্য পাননি হাসির রাজা। ‘কিস কিসকো প্যায়ার করু’, ‘ফিরঙ্গি’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করলেও বক্স অফিসে দুটি ছবিই ফ্লপ। এবার কি সাফল্য ধরা দেবে? এই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। আগামী ১৭ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে জিগাটো।
