
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একসময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম ছিলেন আমিশা পাটেল ও হৃতিক রোশন। তাঁদের ডেবিউ ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। বহু বছর পর সেই স্মৃতিই আবার উসকে দিলেন আমিশা। সোশ্যাল মিডিয়ায় হৃতিকের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী জানালেন, এমন নিখাদ বন্ধুত্ব এখন আর বলিউডে দেখা যায় না।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘কহো না প্যায়ার হ্যায়’-এর শুটিং চলাকালীন তোলা একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন আমিশা। ছবিটি থাইল্যান্ডের ফুকেটে একটি রেস্তোরাঁয় ডিনারের সময় তোলা হয়েছিল। সেখানে হৃতিকের সঙ্গে হাসিমুখে দেখা যায় অভিনেত্রীকে। ছবির ক্যাপশনে আমিশা লেখেন, ‘ভক্তদের জন্য রবিবারের একটি পুরোনো ছবি—ফুকেটের একটি সুন্দর রেস্তোরাঁয় 'কহো না পেয়ার হ্যায়'-এর শুটিং চলাকালীন এক সন্ধ্যায় আমি (সোনিয়া) আমার (রোহিত/রাজ) @হৃতিক রোশন-এর সাথে রাতের খাবার খাচ্ছি!’ এরপরই অভিনেত্রীর সংযোজন, ‘সহ-অভিনেতাদের মধ্যে এমন সারল্য ও সত্যিকারের বন্ধন, যা আজকের দিনে বলিউডে আর দেখা যায় না! এমন বন্ধন ও বন্ধুত্ব তৈরি করতে পেরে আমি ধন্য, যা চিরকাল টিকে থাকবে!’

আমিশার এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। অনেকে আবার মন্তব্য করেছেন, নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকের বলিউডে তারকাদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক ছিল, তা এখন অনেকটাই বদলে গিয়েছে। প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছিলেন, প্রথম পরিচয়ের দিন থেকেই হৃতিক তাঁর ফোনে অভিনেত্রীর নাম ‘হিরোইন’ বলে সেভ করেছিলেন। আজও নাকি সেই নামেই তাঁকে মেসেজ বা শুভেচ্ছা পাঠান বলিউডের ‘গ্রিক গড’। ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল হৃতিক ও আমিশা—দুজনেরই। ছবিটি সেই সময় বক্স অফিসে বিপুল সাফল্য পায়। পরে তাঁরা ‘আপ মুঝে আচ্ছে লাগনে লাগে’ ছবিতেও একসঙ্গে কাজ করেন।
একসময় অভিনয় জগত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন আমিশা পাটেল। তবে ‘গদর ২’-এর মাধ্যমে ফের বড়পর্দায় জোরালো প্রত্যাবর্তন করেন তিনি। এছাড়াও ‘হামরাজ’, ‘ভুল ভুলাইয়া’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। হাতে গোনা কিছু ছবিতে অভিনয় করলেও, তাঁর বেশিরভাগ ছবিই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
