
ক্যালিফোর্নিয়া, ১৩ মার্চ : ইতিমধ্যেই দুটো অস্কার এসেছে ভারতে। তবে শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস' পেল না অস্কার। সেরা ডকুমেন্টারি বিভাগে অস্কার পেল 'নাভালনি'। মনোনয়ন পেয়েছিল শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'। কিন্তু সেরা তথ্যচিত্রের দৌড়ে পেল না অস্কার।
সিনে দুনিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজন করা হয়েছিল ৯৫তম অস্কারের। এখানেই সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল সৌনকের ছবি 'অল দ্যাট ব্রিদস' । তবে হেরে যায় ড্যানিয়েল রোহারের ‘নাভালনি’র কাছে।
দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকা দুই ভাইয়ের গল্প উঠে এসেছে ‘অল দ্যাট ব্রিদস’-এ। মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ, অদ্ভূত তাঁদের জীবনের নেশা, জীবন আহত পাখিদের উদ্ধার করতে এবং তাদের সেবা শুশ্রুষা করতে উৎসর্গ করে দিয়েছেন। মূলত চিলদের বাঁচানোই এই দুই ভাইয়ের একমাত্র ধ্যানজ্ঞান। সেইসূত্র ধরেই শৌনকের এই ডকু-ফিচার মোড় নেয় অন্য খাতে। শৌনকের তথ্যচিত্রটি মোট ৯০ মিনিটের। আসলে প্রত্যেকটা জীবনেরই যে সমানমূল্য রয়েছে তাই এই তথ্যচিত্রে তুলে ধরেছেন পরিচালক।
আপাতত সেরা মৌলিক গান বিভাগে জিতে নিয়েছে আরআরআর সিনেমার ‘নাট্টু নাট্টু’ গানটি। অপর দিকে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ জিতেছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। সঙ্গে এবার অস্কারে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছে বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনকে। তাই সব মিলিয়ে বলা যায় ভারতের জয়জয়কার বিশ্বমঞ্চে।
