
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্কে সরগরম বি-টাউন। ‘ডন ৩’ ছবিকে কেন্দ্র করে অভিনেতার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। সংস্থার তরফে দাবি করা হয়েছে, প্রযোজক ফরহান আখতারের অভিযোগের ভিত্তিতেই রণবীরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমতাবস্থায় প্রথমবার জনসমক্ষে রণবীর সিং। তবে একেবারে অন্য মেজাজে দেখা গেল অভিনেতাকে। রণবীর মানেই সদাহাস্য, ‘কুল’, ‘বেফিকরে’! যিনি পাপারাজ্জিদের দেখলেই মিষ্টি হেসে হাত নাড়েন সোমবার রাতে ভোলবদলে একেবারে গুরুগম্ভীর। এ যেন এক অন্য রণবীর! সাদা পাজামা-কুর্তার সঙ্গে চোখে সানগ্লাস আর কালো মাস্কে মুখ ঢেকে গাড়ি থেকে নামেন ‘ধুরন্ধুর’ অভিনেতা। নিরাপত্তা বলয়ে ঘেরা রণবীর মুম্বই বিমানবন্দরে পা রেখে উপস্থিত পাপারাজ্জিদের দিকে একটিবারও ফিরে তাকাননি।

তবে পুরো ঘটনাকে ঘিরে এবার মুখ খুলেছে অভিনেতার টিম। রণবীর সিংয়ের মুখপাত্রের বক্তব্য, অভিনেতা এতদিন ইচ্ছাকৃতভাবেই নীরব ছিলেন। কারণ তিনি বিশ্বাস করেন, পেশাগত মতবিরোধ প্রকাশ্যে না এনে আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। তাঁদের দাবি, রণবীর সবসময় চলচ্চিত্র জগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত প্রত্যেককে সম্মান করেন। বিতর্ক চলাকালীনও তিনি কোনও মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাননি। অভিনেতার টিম জানিয়েছে, নানা গুঞ্জন ও বিতর্ক সামনে এলেও রণবীর কখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন অনুভব করেননি। বর্তমানে তাঁর সম্পূর্ণ মনোযোগ নিজের কাজ ও আগামী প্রজেক্টগুলির উপরই রয়েছে। একইসঙ্গে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই ‘ডন ৩’ নিয়ে ফরহান আখতার ও রণবীর সিংয়ের মধ্যে মতবিরোধ চলছিল। অভিযোগ, ফরহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তিনটি ছবির চুক্তি করেছিলেন রণবীর। এর মধ্যে একটি ছবির শুটিং শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে অভিনেতা নাকি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এর জেরে সংস্থার প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই FWICE-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন ফরহান আখতার। সংস্থার দাবি, রণবীরকে একাধিকবার নোটিস পাঠানো হলেও তাঁর তরফে সন্তোষজনক জবাব মেলেনি। পরে অভিনেতার টিম ইমেল মারফত জানায়, এই বিষয়ে FWICE-এর হস্তক্ষেপ করা উচিত নয়। এরপরই অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

FWICE-এর তরফে ইন্ডাস্ট্রির সদস্যদের উদ্দেশে জানানো হয়েছে, যতদিন না দাবি করা ক্ষতিপূরণের বিষয়টি মেটানো হচ্ছে, ততদিন রণবীর সিংয়ের সঙ্গে কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, ‘ডন ৩’ ঘিরে এই টানাপোড়েন এখন বলিউডের অন্যতম চর্চিত বিষয়। যদিও বিতর্কের মাঝেও রণবীর সিং আপাতত নীরবতা ও ধৈর্যের পথই বেছে নিয়েছেন।
