
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০০৭ সালের কাহিনী। নরওয়েতে থাকতেন অনুরূপ ভট্টচার্য এবং সাগরিকা ভট্টাচার্য নামের এক বাঙালী দম্পতি। সেখানকার একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতেন অনুরূপ, সাগরিকা ছিলেন গৃহিণী। দুই ছেলে-মেয়েকে নিয়ে ছিল সুখের সংসার। আচমকাই নেমে এল অনাকাঙ্ক্ষিত বিপদ। ছোট মেয়েকে আঘাত করায় সাড়ে চার বছরের ছেলে অভিজ্ঞানকে চড় মেরেছিলেন সাগরিকা। সেই খবর কোনভাবে পৌঁছে যায় নরওয়েজিয়ান চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসের কাছে।
এরপর থেকে মাঝেমধ্যেই অনুরূপ এবং সাগরিকার বাড়িতে বাচ্চাদের খোঁজ খবর নিতে আসতেন এই সংস্থার কর্মকর্তারা। ২০১১ সালে হঠাৎ করেই অভিজ্ঞান এবং ঐশ্বরিয়াকে জোর করে নিয়ে যায় সংস্থাটির কয়েকজন কর্মী, সরকারী চাইল্ড কেয়ারে রাখা হয় তাদের। ওই দম্পতিকে জানানো হয়, তারা ইউরোপে সন্তান পালনের মতো উপযুক্ত নন, বাচ্চাদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব পাবেন না তারা। তখন থেকে সন্তানের অধিকার পাওয়ার দাবিতে শুরু হয় সাগরিকার আইনী লড়াই।
সেই সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে'। সাগরিকার চরিত্রে রানী মুখার্জী আর অনুরূপের চরিত্রে রয়েছেন বাঙালী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবির ট্রেলার দেখে কান্নায় ভেঙে পড়েছেন বাস্তবের সাগরিকা। নিজের অতীতকে পর্দায় দেখে আবেগ বিহবল হয়ে পড়েন তিনি। অভিনেত্রীকে ধন্যবাদও জানিয়েছেন সাগরিকা। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন এই ছবির সমস্ত কলাকুশলীকে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ মার্চ।
