
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১৪ জুন, ২০২০। বলিউড তথা দেশের বিনোদন জগতে নেমে এসেছিল শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। সেই ঘটনার ছয় বছর পূর্ণ হল রবিবার। ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্টে তাঁকে স্মরণ করলেন দিদি শ্বেতা সিংহ কীর্তি।
সমাজমাধ্যমে শ্বেতা একটি বিশেষ ছবি শেয়ার করেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভগবান রামের রূপে কল্পনা করা হয়েছে সুশান্তকে। পাশাপাশি অভিনেতার একাধিক পুরনো ছবিও পোস্ট করেন তিনি। সেই পোস্টে ভাইয়ের ব্যক্তিত্ব, চিন্তাধারা এবং মানুষের জীবনে তাঁর প্রভাব নিয়ে গভীর অনুভূতি প্রকাশ করেন শ্বেতা। তিনি জানান, সুশান্তের চলে যাওয়ার বেদনার চেয়ে তাঁর জীবনের মূল্যবোধকেই বেশি করে মনে রাখতে চান। শ্বেতার কথায়, “আমি ওর শিশুসুলভ কৌতূহলের কথা ভাবি, জীবনের প্রতি ওর অফুরন্ত আকর্ষণের কথা ভাবি— তারকা, মহাবিশ্ব এবং মানবমনের রহস্যের প্রতি ওর অন্তহীন মুগ্ধতার কথা ভাবি। আমি এমন এক মনের কথা ভাবি, যা যে কোনও মানুষকে সর্বদা মর্যাদা ও সম্মানের চোখে দেখত। আমি এমন একজন মানুষের কথা ভাবি, যে আমাদের শিখিয়েছে, সহমর্মিতা না থাকলে সাফল্যের মূল্য খুবই সামান্য।”

শ্বেতা লেখেন, সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেছেন যে প্রকৃত ভালোবাসা কখনও সময়ের গণ্ডিতে আবদ্ধ থাকে না। কোনও মানুষ শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তাঁর চিন্তা, আদর্শ ও প্রভাব বহু মানুষের জীবনে বেঁচে থাকতে পারে। যখন কেউ ঘৃণার বদলে ভালোবাসা, অজ্ঞতার বদলে জ্ঞান কিংবা হতাশার পরিবর্তে আশাকে বেছে নেয়, তখনই সুশান্তের আদর্শের প্রতিফলন ঘটে বলে মনে করেন তিনি। ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্বেতা আরও বলেন, সুশান্তকে স্মরণ করার সবচেয়ে বড় উপায় হল তাঁর দেখানো মূল্যবোধকে নিজের জীবনে ধারণ করা। কৌতূহলী থাকা, সদয় হওয়া, স্বপ্ন দেখতে না ভয় পাওয়া এবং শেখার আগ্রহ বজায় রাখার বার্তাই তিনি তুলে ধরেছেন।
উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তবে পরবর্তীতে তদন্তকারী সংস্থা সিবিআই তাদের ক্লোজার রিপোর্টে জানায়, রিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র বা আত্মহত্যায় প্ররোচনার কোনও প্রমাণ মেলেনি। ছয় বছর পেরিয়েও সুশান্ত সিংহ রাজপুতকে ঘিরে অনুরাগীদের আবেগ আজও অটুট। তাঁর কাজ, চিন্তাভাবনা ও জীবনদর্শন এখনও বহু মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
