
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভ্যালেন্টাইনস ডে'তে প্রকাশ্যে এল সানি-আমিশার ‘গদর ২’ ছবির প্রথম ঝলক। ঝলকে দেখা যাচ্ছে, পর্দার তারা এবং সাকিনা একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে আইকনিক ‘উড়জা কালে কাওয়া’ গানটি। ছবির কাহিনী ও প্রথম ঝলক দেখে এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল চরমে।
বলিউডের ব্লকবাস্টার ছবি 'গদর এক প্রেম কথা'। ২০০১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল, আমিশা পটেল। এছাড়াও অভিনয় করেন অমরেশ পুরি, লিলেট দুবে, সুরেশ ওবেরয়ের মতো তারকারা। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবি। এবার সেই ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল, ‘গদর ২ : দ্য কথা কন্টিনিউস’ এই বছর রিলিজ করবে। দীর্ঘ ২২ বছর পর ফের পর্দায় দেখা যাবে তারা এবং সাকিনাকে। ‘গদর ২’ ঘিরে দর্শকদের মধ্যে যে যথেষ্ট উন্মাদনা রয়েছে তা বলাই বাহুল্য।
গদর ছবিতে দেশপ্রেমের পাশাপাশি দেখানো হয়েছে এক ভালোবাসার গল্প। ২২ বছর আগে মুক্তি পাওয়া এই ছবিতে দেশপ্রেম এবং ভালোবাসা মিলে মিশে এক অন্য মাত্রা এনেছিল। এবার ও কি সানি-আমিশার ছবির সিক্যুয়েলেও একই জিনিসের সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা। তারা সিং এবং সাকিনার কেমিস্ট্রি ২২ বছর পরও ফের রূপোলি পর্দায় ঝড় তুলবে সে বিষয়ে সন্দেহ নেই সিনে প্রেমীদের। জানা গিয়েছে, ১১ আগস্ট ২০২৩’ এ মুক্তি পাচ্ছে ‘গদর ২’।
