
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। এতদিন নানান ছবি উপহার দিয়েছেন দর্শকদেরকে। ব্যাতিক্রমী চরিত্রে অভিনয় করতেও পিছু পা হননি অভিনেতা। এ বার আরও এক ধাপ এগিয়ে ‘এলজিবিটিকিউআইএ’-এর সদস্যদের জন্য নতুন কিছু করতে উদ্যোগী হলেন বলিউড অভিনেতা।
চণ্ডীগড়ে ‘এলজিবিটিকিউআইএ’-দের সাহায্যার্থে তাঁদের ‘ফুড ট্রাক’-এর ব্যবসায় বিনিয়োগ করলেন অভিনেতা। তাঁরা যাতে সমাজে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সে কথা ভেবেই এই উদ্যোগ আয়ুষ্মানের। অভিনেতার মতে, ‘‘এক জন অভিনেতা হিসাবে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকেই। মানুষের ভালোবাসার জন্যই তো আমরা সমাজে একটা বিশেষ জায়গা অর্জন করতে পারি। সেই জায়গা থেকেই সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবনাচিন্তা করেত পারি।’’ তাঁর কথায়, ‘‘আমার বিশ্বাস, অন্তর্ভুক্তিই একটা সুস্থ সমাজ গঠনের প্রাথমিক স্তম্ভ। প্রত্যেকের উচিত নিজেদের সাধ্যমতো একে অপরকে সাহায্য করা। আমরাও চেষ্টা করি, যাতে অন্যেরা অনুপ্রাণিত হন। আমরা যদি একজোট হয়ে একে অপরের বিপদে তাঁদের পাশে থাকার প্রয়োজনীয়তা বুঝতে পারি, তা হলেই সমাজ এগোতে পারবে, আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব।’’
