Breaking News

 

Entertainment

3 months ago

Aamir Khan Arijit Singh: ‘মহাভারত’-এর সুরে অরিজিৎ? প্লেব্যাক বিদায়ের ঘোষণার মাঝেই মুর্শিদাবাদে আমির খান—জল্পনা তুঙ্গে

Aamir Khan Arijit Singh
Aamir Khan Arijit Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এই মুহূর্তে আমির খানের সম্পূর্ণ মনোযোগ তাঁর বহুদিনের স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’-এ। বিগত দেড় দশক ধরে মহাকাব্যটিকে বড়পর্দার জন্য নিখুঁতভাবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন মিস্টার পারফেকশনিস্ট। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির দাবি করেছিলেন, “আমাদের মহাভারত তাবড় স্কেলের হলিউড সিনেমারও মা।” সেই লক্ষ্যেই চিত্রনাট্যে চূড়ান্ত শান দিতে ব্যস্ত ছিলেন তিনি। তবে সেই কাজের ফাঁকেই রবিবার রাতে আচমকা মুম্বই ছেড়ে কলকাতা হয়ে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে—গন্তব্য অরিজিৎ সিংয়ের স্টুডিও।

সম্প্রতি প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন অরিজিৎ। আর ‘প্লেব্যাক সম্রাটে’র সেই সিদ্ধান্তের পরই কেন এত তড়িঘড়ি করে মুর্শিদাবাদে হাজির হলেন আমির খান—তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। খবর, সোমবার থেকেই বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে উঠেছেন বলিউড সুপারস্টার। রাতদুপুরে কড়া নিরাপত্তায় ঘেরা অবস্থায় একাধিকবার অরিজিৎ সিংয়ের স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদও পিছনের প্রবেশপথ দিয়ে স্টুডিওতে ঢোকেন আমির, কিছুক্ষণ পর স্কুটারে এসে পৌঁছন অরিজিৎ। পরে দু’জনকে একসঙ্গে শুটিং লোকেশন ‘বড়ি কুঠি’তেও যেতে দেখা যায়।


জানা যাচ্ছে, বুধবার পর্যন্ত বহরমপুরেই থাকবেন আমির খান। বলিপাড়ায় কাজপাগল মানুষ হিসেবেই পরিচিত তিনি—পার্টি বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এড়িয়ে কাজেই ডুবে থাকেন। সেই আমিরই কি না তিন দিন ধরে মুর্শিদাবাদে শুধুমাত্র অরিজিৎ সিংয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন! নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর নেপথ্যে রয়েছে বড় কোনও কাজ—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

প্রসঙ্গত, অরিজিৎ আগেই জানিয়েছিলেন, আগাম প্রতিশ্রুতিমাফিক চলতি বছরে কিছু বাকি কাজ শেষ করবেন, তবে এরপর আর নতুন কোনও অ্যাসাইনমেন্ট নেবেন না। গুঞ্জন, সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ আপাতত তাঁর শেষ প্লেব্যাক হলেও বিজয়রথ এখানেই থামছে না। শাহরুখ খানের ‘কিং’ ছবিতেও তাঁর কণ্ঠ শোনা যেতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় কি যোগ হতে চলেছে আমির খানের নাম?

বলিউড সূত্রের খবর, ‘মহাভারত’ ছবির সঙ্গীতের দায়িত্ব অরিজিৎ সিংয়ের হাতেই তুলে দিতে চাইছেন আমির খান। দুই তারকার ঘন ঘন বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে। যদিও কোনও কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমির মুখ খোলেন না—এটাই তাঁর চিরাচরিত অভ্যাস। প্লেব্যাক থেকে বিদায়ের ঘোষণার পর অরিজিতকে বোঝাতেই কি এই সফর, নাকি ‘মহাভারত’-এর সুরে নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি? আপাতত নজর সেদিকেই।

You might also like!