
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসতে চলেছে করণ জোহারের আগামী ছবি ‘রকি রানি কি প্রেম কাহানি’। 'গলি বয়ের' পর এবার এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ও রণবীর সিং। তাই সেক্ষেত্রে এই ছবিকে ঘিরে উত্তেজনাও থাকবে দর্শকদের মনে, এটাই স্বাভাবিক।
বহুদিন পর পরিচালকের দায়িত্বে ফিরে এসে করণ যে নতুন চমক দেবেন তা বলাই বাহুল্য। দিলেনও তিনি। তবে ‘রকি রানি কি প্রেম কাহানি’ ছবির ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে করণ বুঝিয়ে দিলেন ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘কভি অলবিদা না কহেনা’র ম্যাজিককে মুঠিবদ্ধ করে রকি-রানির প্রেমের গল্পে মিশিয়েছেন তিনি। সেই বড় বড় ফিল্মি সেট, বরফের মাঝে নায়িকার শিফন শাড়ি। প্রেম, আদর, কান্না মেশানো করণের ফ্যাক্টরিতে তৈরি চেনা ফ্যামিলি ড্রামা।
করণের এই ছবি নিয়ে বাঙালি দর্শকদের উৎসাহটা একটু বেশিই ছিল। কেননা, এই ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। শুধু তাই নয়, টলিউডের দুই জনপ্রিয় তারকা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীকেও দেখা যাবে আলিয়ার পাশে অভিনয় করতে। টিজারে ছিঁটেফোঁটা জায়গা পেয়েছেন টোটা-চূর্ণী। তবে ছবিতে যে বড় অংশ জুড়ে সুযোগ রয়েছে এই দুই অভিনেতার, তার অবশ্য ইঙ্গিত রয়েছে টিজারে।
