
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দর্শনে রীতিমত সুপুরুষ! ৯০-র দশকে তরুনীদের ঘুম ওড়ানো খিলাড়ি কুমার চলতি বছর পঞ্চান্নয় পা দিয়েছেন অভিনেতা। তাতে কী! হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে দিব্য রসায়ন জমিয়ে দিচ্ছেন বড় পর্দায়। কিন্তু ‘সূর্যবংশী’-র পর থেকে সময় একেবারেই ভাল যাচ্ছে না ‘খিলাড়ি’ কুমারের। ২০২২-এ পর পর চারটি ছবি মুক্তি পেয়েছে। চারটিই ফ্লপ। এ বার সেই কথা মাথায় রেখেই বড় ঘোষণা করলেন নায়ক।
বছর পাঁচেক আগে সামাজিক বিষয়কে সিনামার বিষয় হিসাবে বেছে নিয়েছিলেন, ‘প্যাডম্যান’, ‘টয়লেট এক প্রেম কথা’-র মতো ছবির মধ্যে দিয়ে। এবার জীবনশৈলী বিষয় হতে চলেছে অক্ষয়ের ছবির। নেটফ্লিক্সে ‘সেক্স এডুকেশন’ সিরিজটি এমনিতেই বেশ জনপ্রিয়। অক্ষয়ের ছবি সেখান থেকেই অনুপ্রাণিত কি না, তা জানাননি অভিনেতা। তবে খবর নতুন বছরেই শুরু হবে শুটিং।
এই প্রসঙ্গে খিলাড়ি কুমার বলেন, ‘‘সামাজিক বিষয়ের উপর ছবি করতেই আমার ভাল লাগে। তবে আমার ছবিতে বাণিজ্যিক ছোঁয়া সব সময় থাকবে।’’
