Entertainment

3 years ago

Tunisha Sharma : তুনিশার পরিবারের বিরুদ্ধে শীজানের আইনজীবীর চাঞ্চল্যকর দাবি

Tunisha Sharma & Sheezan Khan
Tunisha Sharma & Sheezan Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তুনিশা আত্মহত্যা মামলায় অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শীজান খানের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এরই মধ্যে সোমবার  শীজান খানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র একগুচ্ছ দাবি করলেন। সোমবার সকালে তিনি সাংবাদিক বৈঠক ডাকেন এবং বলেন শীজান সম্পূর্ণ নির্দোষ। শুধু তাই নয়, প্রয়াত অভিনেত্রীর মা বনিতা শর্মা এবং কাকা পবন শর্মা সম্পর্কিত তিনি কিছু তথ্য জানান। 

কাকা পবন তুনিশার ম্যানেজার হিসেবে কাজ করতেন। খারাপ ব্যবহারের জন্য চার বছর আগে পবনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন তুনিশা।অন্যদিকে, চণ্ডীগড় নিবাসী তুনিশার মামা সঞ্জীব কৌশলকে নিয়েও অভিযোগ জানিয়েছেন শীজানের আইনজীবী। তাঁর অভিযোগ, মূলত অভিনেত্রীর মা এবং সঞ্জীব মিলেই তুনিশার টাকাপয়সা নিয়ন্ত্রণ করতেন। প্রয়োজনে মায়ের কাছে হাত পেতে তুনিশাকে টাকা চাইতে হত। তাই মা এবং মামার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক যে খুব একটা ভাল ছিল না।এখানেই শেষ নয়, আইনজীবীর দাবি, মামাকে রীতিমতো ভয় পেতেন তুনিশা। মামার প্ররোচনাতেই অভিনেত্রীর মা এক বার তুনিশার মোবাইল ফোনটি ভেঙে দেন এবং মেয়ের গলা টিপে ধরেন! মেয়েকে নাকি চড় মেরেছিলেন বনিতা। 

এই সাংবাদিক বৈঠকেই উপস্থিত ছিলেন শীজানের বোন ফলক নাজ। সম্প্রতি, নেটদুনিয়ায় খবর ছড়ায় যে শীজান নাকি তুনিশাকে বোরখা পরতে বাধ্য করতেন। বিষয়টির বিরোধিতা করে ফলক জানান, তুনিশা এবং শীজানের যে ছবিটি ঘিরে এ হেন দাবি উঠছে সেটি আসলে একটি শুটিং ফ্লোরে তোলা হয়েছিল।  

প্রসঙ্গত, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিন পর, গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে জীবন শেষ করে দিয়েছেন তুনিশা। যে ঘটনা বিনোদন দুনিয়ায় আলোড়ন ফেলেছে। ‘আত্মহত্যা’ বলে মানতে পারছেন না তুনিশার মা বনিতা শর্মা। তাঁর দাবি, প্রেমিক তথা সহ-অভিনেতা শীজানই তুনিশার মৃত্যুর জন্য দায়ী। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছিল শীজানকে।

You might also like!