
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অনলাইনে অর্ডার করেছিলেন বিরিয়ানি । সেই বিরিয়ানি খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন বছর কুড়ির তরুণী। কেরলের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়ায় চাঞ্চল্য। খাবারে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। মন্ত্রীর নির্দেশে শুরু তদন্ত।
পুলিশ সূত্রে খবর, গত ৩১ ডিসেম্বর অর্থাৎ বর্ষবরণের রাতে কেরলের পেরুম্বালার বাসিন্দা অঞ্জু অনলাইনে বিরিয়ানি অর্ডার করেছিলেন। স্থানীয়দের কাছে এই ডিশটি ‘কুঝিমান্থি’ নামে পরিচিত। রোমানশিয়া নামের এলাকারই এক রেস্তরাঁ থেকে এসেছিল তাঁর খাবার। কিন্তু সেই বিরিয়ানি খাওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি ঘটে যে তাঁকে মেঙ্গালুরুর এক হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। শনিবার সকালে সেখানেই প্রাণ হারান তিনি।গোটা ঘটনায় উদ্বিগ্ন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। গোটা ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, খাদ্য সুরক্ষা কমিশনারকে এ নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। খাবারের বিষক্রিয়া থেকেই তরুণী প্রাণ হারিয়েছেন কি না, তা যাচাই করে দেখতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়ের মৃত্যুর পরই থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বাবা-মা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে এলে তদন্ত গতিপ্রকৃতি বোঝা যাবে।
