
নয়াদিল্লি, ১৭ নভেম্বর : আর্থিক অনিয়ম মামলায় দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন ও আরও দু''জনের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালত। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের ধারায় ৩০ মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন দিল্লির ওই আদালত খারিজ করে দিয়েছে।
সত্যেন্দ্র জৈনের পাশাপাশি এই মামলার দুই সহ-অভিযুক্ত - বৈভব জৈন এবং অঙ্কুশ জৈনের জামিনের আবেদনও আদালত খারিজ করে দিয়েছে। ৫৮ বছর বয়সী দিল্লির এই মন্ত্রীকে ৩০ মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল। এই নিয়ে দ্বিতীয়বার সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন আদালত খারিজ করল। অভিযোগের গুরুতরতার পরিপ্রেক্ষিতে জুন মাসেও জৈনের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।
