
লখনউ, ১ মার্চ : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে এবার উত্তর প্রদেশের লখনউতে ক্ষোভে ফেটে পড়লেন শিয়া মুসলিমরা। ইজরায়েল ও মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে হত্যার প্রতিবাদে লখনউতে শিয়া মুসলিমরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভৎসর্না করেন তাঁরা।
এক বিক্ষোভকারী বলেন, "তাঁরা (মার্কিন যুক্তরাষ্ট্র) আলোচনার মাধ্যমে প্রতারণা করে চলেছে এবং যুদ্ধের হুমকি দিচ্ছে, কিন্তু আমাদের নেতা ভয় পাননি এবং মাথা নত করেননি। যদি একজন খামেনেই নিহত হন, তাহলে হাজার হাজার খামেনেই জেগে উঠবেন এবং এই যুদ্ধ চলতে থাকবে। ট্রাম্প সহজে জিততে পারবেন না।"
শিয়া ধর্মগুরু মৌলানা ইয়াসুব আব্বাস বলেছেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক। বিশ্ব মনে করে খামেনেইকে হত্যা করলে ইরান শেষ হয়ে যাবে। আমেরিকা ও ইজরায়েল ইরানের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড ৩ দিনের শোক ঘোষণা করেছে, যখন আমরা সবাই কালো পোশাক পরব এবং আমাদের বাড়িতে কালো পতাকা উত্তোলন করব।"
