
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একটানা ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদি। এই বিশেষ মাইলফলক স্পর্শ করার পর বুধবার তিনি দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দেন এবং এক্স হ্যান্ডেলে একটি সংস্কৃত শ্লোকও পোস্ট করেন। মোদির বার্তায় বলা হয়, যে শাসক বিনয় ও নম্রতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাঁর সাফল্য ও জয় অবধারিত। নতুন এই রেকর্ডের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বিশ্বনেতা, যার মধ্যে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-সহ আরও অনেকে।
দেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড এখনও রয়েছে জওহরলাল নেহরুর দখলে। তবে নির্বাচিত হয়ে একটানা সবচেয়ে বেশি সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী থাকার নতুন নজির এদিন গড়েছেন মোদি। ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নেহরু। ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যু পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ ৪,৩৯৮ দিন তিনি একটানা প্রধানমন্ত্রী ছিলেন। অন্যদিকে, মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মে। তারপর থেকে একটানা প্রধানমন্ত্রী থেকেছেন তিনি, ৪,৩৯৯ দিনের জন্য। নির্বাচিত হয়ে একটানা সবচেয়ে বেশি সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী থাকার নজির গড়ার পর বিশেষ বার্তাও দিয়েছেন মোদি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সংস্কৃত শ্লোক। সেটার হিন্দি অনুবাদও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘জনসেবায় নিজেকে নিয়োজিত করাটাই সুশাসনের সবচেয়ে বড় ধাপ। যে ব্যক্তি বিনয়ের সঙ্গে সমস্ত নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করে, সেই জনতার বিশ্বাস অর্জন করে। বিনয়ী রাজাই সর্বোচ্চ সম্মানে ভূষিত হন।’
নতুন নজির গড়া প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নির্বাচিত হিসাবে ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য।’ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার সকলেই মোদির প্রশংসায় পঞ্চমুখ। গত ১২ বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন মোদি, একবাক্যে সেকথা বলছেন রাষ্ট্রপ্রধানরা।
जनसेवा ही सुशासन की सबसे बड़ी कसौटी है। विनम्रता, समर्पण और कर्तव्यनिष्ठा के साथ निरंतर कार्य करने वाला व्यक्ति ही जनविश्वास अर्जित करता है।
— Narendra Modi (@narendramodi) June 10, 2026
सदानुरक्तप्रकृतिः प्रजापालनतत्परः।
विनीतात्मा हि नृपतिर्भूयसी श्रियमश्नुते॥ pic.twitter.com/mn0Ax0F8hs
