
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ পড়েছে ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রাক্তন সম্পাদক আর. রাজাগোপালের। এর জেরে তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদনও সমস্যায় পড়েছে। জানা গিয়েছে, প্রয়োজনীয় পুলিশ যাচাইয়ের পর কলকাতা পুলিশ ছাড়পত্র না দেওয়ায় তাঁর আবেদন বাতিল হয়ে যায়। এই ঘটনার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন। চিঠিতে তিনি গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জরুরি ভিত্তিতে বিষয়টি দেখুন।’
কেরলের মুখ্যমন্ত্রী সতীশন তাঁর চিঠিতে জানিয়েছেন, আর রাজাগোপাল তিন দশক ধরে সাংবাদিকতা করেন। তিনি কলকাতার বাসিন্দা। ১২ ডোভার রোডের ফ্ল্যাট ৩-এর বাসিন্দা তিনি। ২৯ জুনের চিঠিতে সতীশন লিখেছেন, ‘কলকাতা পুলিশের থেকে যাচাইয়ের পর ছাড়পত্র না পাওয়ায় রাজাগোপালের পাসপোর্ট পুনর্নবীকরণ আবেদনটি আটকে গিয়েছে বলে জানা গিয়েছে। আমি আপনাকে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি।’ সতীশন তাঁর চিঠিতে জানিয়েছেন, রাজাগোপাল দীর্ঘ ৩ দশক ধরে সাংবাদিকতা করছেন। তিনি কলকাতার বাসিন্দা। টেলিগ্রাফের সম্পাদক ছিলেন। তিনি আরও লিখেছেন, ‘রাজাগোপাল অধ্যাপক ভি রামাদাসের ছেলে। রামাদাস কেরালার গান্ধী স্মারক নিধি-র রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।’
কেরলের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি জানান, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন। এক্সে মুখ্যমন্ত্রী সতীশনের চিঠিটি শেয়ার করে থারুর লিখেছেন, ‘এক মুখ্যমন্ত্রীর তরফ থেকে অন্য মুখ্যমন্ত্রীকে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে নিঃসন্দেহে এর জবাবে বলা হবে, বিষয়টি কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। রাজ্য সরকারের পক্ষে এটি দেখা সম্ভব নয়।’
